জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগোসংবলিত খামে চিঠি পাঠিয়ে এক সেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো ওই চিঠির প্রেরকের কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। হুমকিসংবলিত চিঠি পাওয়ার পর ওই নেতা, তার পরিবার এবং স্থানীয় রাজনৈতিক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে চিঠিটি হাতে পান জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ।
চিঠির খামের বাম পাশে মুজিব শতবর্ষের একটি লোগো ও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে— মোহাম্মদ সবুজ, জাহাঙ্গীর আলমের ছেলে।
হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা মূল চিরকুটে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, শুয়োরের বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করব না। তোকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারব, ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোনো বাপও তোকে বাঁচাতে পারবে না।
এ বিষয়ে বিএনপি নেতা সবুজ বলেন, ‘আমি একটি কাজের জন্য বাড়ির বাইরে ছিলাম। পরে শুনতে পাই, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে চিঠিটি ফেলে চলে যান। পরে ডাকঘরে গেলে তারা জানায়, চিঠিটি ইসলামপুর ডাকঘরে এসে আমার ঠিকানায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। বিএনপি বা আওয়ামী লীগ—কোনো দলের সঙ্গেই আমার ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও কে বা কারা এ চিঠি পাঠিয়েছে, তা বলতে পারছি না। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করিনি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।’
প্রতিনিধি/এমআই




