বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সংগ্রাম চলবে: কুমিল্লায় ডা. তাহের

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৩:৪১ এএম

শেয়ার করুন:

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সংগ্রাম চলবে: কুমিল্লায় ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেছেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তার সংগ্রাম অব্যাহত থাকবে। চৌদ্দগ্রামকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।

রোববার (২১ জুন) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে পাকাকরণ কাজ শেষে ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ৩২ কিলোমিটার দীর্ঘ শাহ ফখরুদ্দীন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

ডা. তাহের বলেন, প্রতিটি নির্বাচনে মুন্সীরহাটের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। এবারের নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। আমি যখন প্রথমবার সংসদ সদস্য ছিলাম, তখনই শাহ ফখরুদ্দীন সড়ককে সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার উদ্যোগ নিয়েছিলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে এর গুরুত্ব তুলে ধরে সংসদে একাধিকবার বক্তব্য দিয়েছি।

তিনি জানান, প্রথম পর্যায়ে সড়কটির জন্য ১১ কোটির বেশি টাকা বরাদ্দ আনা হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর সড়কটির পুনর্নির্মাণ ও সম্প্রসারণের জন্য ৪৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার স্কুল, মাদরাসা, মসজিদ এবং গ্রামীণ সড়কের উন্নয়নের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামের অন্যতম দুটি বড় সমস্যা হলো মাদক এবং কিশোর গ্যাং। প্রায় প্রতিটি গ্রামেই মাদকের বিস্তার ঘটেছে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, তার পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করা এখন আমার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের একটি অংশ আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাং তৈরি করে। আমি এই কিশোর গ্যাংয়ের চেইন ভেঙে দিতে চাই। অল্প বয়সে কোনো ছেলে অপরাধের পথে চলে যাক, তা আমরা মেনে নিতে পারি না। জনগণের সহযোগিতা পেলে চৌদ্দগ্রাম থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব হবে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর