শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতা নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতা নিহত
সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত সালাউদ্দিন ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছে দলটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের মুকুল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এ ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, এ সময় ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় বোনারপাড়া এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর