তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ডসহ দেশের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী ভাতা দিচ্ছেন।
শুক্রবার (১৯ জুন) ময়মনসিংহ নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জিআরের চাল, হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হতদরিদ্র ৩০ জনকে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং ১৫টি প্রতিষ্ঠানে জিআরের চাল বিতরণ করেন।
এর আগে, প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের কৃষি প্রযুক্তি ও তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ এবং কৃষি প্রণোদনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পৌরসভার আমোদাবাদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশ উপহার দিতে পারব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এএস




