শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ।

সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া একটি ভাড়া বাসা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার মো. বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনি পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সাথে নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর