ভোলার চরফ্যাশনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জসিম পণ্ডিত (৩৮) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে চরফ্যাশন–দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের ভূতা আলী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জসিম পণ্ডিত চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম পণ্ডিত চরফ্যাশন বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভূতা আলী মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভুঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




