রাজশাহীতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর সিএন্ডবি মোড়ে প্রতিষ্ঠানটির প্রধান ব্রাঞ্চে এ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ‘ইসলামি শিক্ষায় আলোকিত প্রজন্ম’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ইসলামি মূল্যবোধের বিকাশ ঘটাতে এবং কুরআন ও সুন্নাহর আলোয় একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ অলিম্পিয়াড আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা তিনটি পর্বে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির সিএন্ডবি, উপশহর ও তালাইমারি ব্রাঞ্চের মোট ৯০৫ জন শিক্ষার্থী। এরপর ২৭৭ জন মেধাবী শিক্ষার্থী দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করে। তাকরিম (চূড়ান্ত) পর্বে সেরা প্রতিযোগীদের মধ্য থেকে ৩৬ জন শিক্ষার্থী তিনটি বিভাগে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখে। এ পর্বে লিখিত পরীক্ষা, কুরআন তিলাওয়াত, ইসলামী গল্প বলা ও কুইজ প্রতিযোগিতা হয়। সম্মিলিত ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে চ্যাম্পিয়ন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রানারআপকে পুরস্কৃত করা হয়। এছাড়া কুইজ পর্বে প্রথম শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মহান আল্লাহ তায়ালা, ফেরেশতা, নবী-রাসূল, পরকাল, আসমানি কিতাব ও ইসলামের ইতিহাসের বিভিন্ন বিষয়ের প্রশ্ন অন্তর্ভূক্ত ছিল এ অলিম্পিয়াডে।
বিজ্ঞাপন

এদিন চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ কামনা রানী ও সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলাসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/জেবি




