রাজশাহীতে চুরির সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২) নামে এক যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার অভিযোগে শুক্রবার (১৯ জুন) সকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজশাহী মেডিকেল কলেজের সামনে চারু মামার ক্যান্টিন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক নগরীর ১১ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চুরি করার সন্দেহে রকিকে স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে থানায় হত্যা মামলা হয়।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




