শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

Thakurgaon
খাদিজাতুল কুবরা মিম (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে খাদিজাতুল কুবরা মিম (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত খাদিজাতুল কুবরা মিম ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আবুল ফজল রাজার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরিবারের অভিযোগ, বমি ও পেটব্যথাজনিত সমস্যার কারণে মিমকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত এক নারী চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। পরে এক নার্স তাকে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয় বলে দাবি করেন স্বজনরা।

নিহত স্কুলছাত্রী মিমের বাবা আবুল ফজল রাজা বলেন, ‘আমার মেয়েকে হাসপাতালে আনার পর ভর্তি করা হয়। ইনজেকশন দেওয়ার প্রায় তিন মিনিটের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’


বিজ্ঞাপন


এদিকে, নিহতের স্বজনরা দাবি করেছেন, ভুল চিকিৎসার কারণেই মিমের মৃত্যু হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সাংবাদিকদের সঙ্গে কথা না বলে এড়িয়ে যান। 

তবে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রাসেল জানান, রোগীকে বমি ও পেটব্যথার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। তবে সেগুলো সম্পন্ন হওয়ার আগেই রোগীর মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, চিকিৎসাপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে ভুল চিকিৎসার কোনো বিষয় আমার নজরে আসেনি। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর