শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে ফিরছিলেন। পথে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসাদ এগ্রোটেক লিমিটেডের একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় ট্রাকটি আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণপিটুনি দেয়। পরে সুযোগ বুঝে তারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয়।

পরে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর