শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় যমুনার তীরের সিসি ব্লক ধসে বিলীন, আতঙ্কে শত শত পরিবার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:৪২ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় যমুনার তীরের সিসি ব্লক ধসে বিলীন, আতঙ্কে শত শত পরিবার
নির সামান্য চাপেই ১০ নম্বর সাইডের ব্লকগুলো ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণ ও ভাঙন রোধে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লক ও জিও ব্যাগ ডাম্পিং বাঁধের অংশ ধসে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় যমুনার পানির সামান্য চাপেই ১০ নম্বর সাইডের ব্লকগুলো ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়।


বিজ্ঞাপন


স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল বহির্ভূত গাফিলতি এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার আগেই এই ধসের ঘটনা ঘটেছে। এতে এলাকার শত শত পরিবারে চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, নদী ভাঙন রোধে নেওয়া এই মেগা প্রকল্পে শুরু থেকেই অনিয়ম হয়েছে। ব্লক স্লোপিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানা হয়নি। দ্রুত কাজ শেষ করার তাড়াহুড়ো এবং মাটি সঠিকভাবে ভরাট না করায় কাঠামো দুর্বল হয়ে পড়ে। ফলে সামান্য পানির চাপেই বাঁধের বড় অংশ ধসে যায়।

নজরুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, সরকার আমাদের নদী ভাঙন থেকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু ঠিকাদারদের গাফিলতিতে সামান্য পানিতেই সব ভেঙে যাচ্ছে। আমরা এখন ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে আছি। এই অনিয়মের বিচার চাই।

বর্ষা মৌসুমের শুরুতেই বাঁধের এ অবস্থায় যমুনা পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। গোবিন্দপুর ও আশপাশের এলাকায় নতুন করে ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর