মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
নিহত ব্যক্তিরা হলেন সাভারের ব্রাহ্মণবাড়িয়া এলাকার মো. আলমের ছেলে পিকআপচালক মো. রাসেল মিয়া (২৭) এবং একই এলাকার কাওছারের ছেলে মো. আরাফাত (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে মূলজান এলাকায় মুরগিবাহী একটি পিকআপের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তাঁর সহকারী নিহত হন। এ ঘটনায় পিকআপে থাকা আরও দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
ওসি মো. মনির হোসেন বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এআর




