চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুধপাতিলা গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হন এবং কাদের (২২) নামে একজন গুরুতর আহত হন।
আহত কাদের ডুগডুগি কলোনি পাড়ার রহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তারা দুজনই পুরুষ বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুইজন নিহত হয়েছেন।
প্রতিনিধি/ এজে




