বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:০০ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন— মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। মাসুদের বাড়ি ঝিনাইদহে এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে। ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক বেলাল উদ্দিন এবং ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দিপশা চৌধুরী দম্পতি। দিপশা চৌধুরীর পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সাড়ে ৮ শতাংশ জমির ওপর ভবনটি নির্মাণ করা হচ্ছে।

ভবনটির নিরাপত্তাকর্মী আবদুল হক বলেন, দুপুরের খাবার খেয়ে শ্রমিকরা ওপরে কাজ করতে যান। কিছুক্ষণ পর মাচা ভেঙে দুজন শ্রমিক নিচে পড়ে যান। তারা প্রায় ১৫ দিন আগে এখানে কাজ করতে এসেছিলেন।

ভবনের মালিক বেলাল উদ্দিন বলেন, ভবন নির্মাণের কাজ রফিকুল ইসলাম নামে এক ঠিকাদারকে দেওয়া হয়েছে। তারাই কাজ পরিচালনা করছেন। দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে আমরাও শোকাহত।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, বুধবার বিকেল ৩টার দিকে ভবনের অষ্টম তলায় কাজ করার সময় দুই শ্রমিক নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর