কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারের বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পারিবারিক একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী ঘটনায় রূপ নেয়।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবা মো. ইসমাইল মানিকের সঙ্গে ছোট ভাই রাজিব ইসলাম সাগরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উত্তেজিত হয়ে রাজিব ইসলাম সাগর হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




