হিমাগারের মালিকদের একতরফা ও অন্যায়ভাবে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা।
বুধবার (১৭ জুন) দুপুরে মর্ডানমোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আলু ব্যবসায়ী ও চাষিরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর জেলা বিএনপির সদস্য ও কৃষকদলের আহ্বায়কের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন চাষিরা।
বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, অন্যান্য জেলায় বস্তাপ্রতি স্টোর ভাড়া ২৮০ টাকা থাকলেও রংপুরে ৪৪০ টাকা করা হয়েছে, এটি অন্যায়। কৃষকদের আলু চাষে কেজি প্রতি খরচ হয়েছে ২২ টাকা, স্টোর ভাড়া বাড়িয়ে কেজি প্রতি নেওয়া হচ্ছে ৮ টাকা। এতে মোট খরচ হচ্ছে ৩০ টাকা। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা। যার কারণে আলু প্রতি কেজিতে ১৫ টাকা করে কৃষকদের গচ্চা যাচ্ছে।

বক্তারা বলেন, কোটিপতি হিমাগার ব্যবসায়ীরা আরো লাভবান হওয়ার জন্য কৃষককে মারার পাঁয়তারা করছে। এই ব্যবসায়িক মনোভাব দূর করে কৃষি ও কৃষকবান্ধব চিন্তা করতে হবে। তাই কৃষকদের দাবি মানা না হলে আগামীতে ডিসি অফিস ঘেরাওসহ প্রধানমন্ত্রী কার্যালয়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়ুবুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, কৃষক দলের জেলা সদস্য সচিব দিল মেরাজুল ইসলাম দুলু, জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ।
প্রতিনিধি/এসএস




