বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

dMAIL
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে মৌলভীবাজারের জনসভাস্থলে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। ছবি: ঢাকা মেইল

মুষলধারে বৃষ্টি থামাতে পারেনি নেতাকর্মীদের। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে মৌলভীবাজারের জনসভাস্থলে জড়ো হচ্ছেন হাজারো মানুষ।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই বৃষ্টি শুরু হলেও তাতে ভাটা পড়েনি জনস্রোতে। ছাতা, পলিথিন কিংবা ভেজা কাপড়েই নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি যেন উল্টো তাদের উচ্ছ্বাসকেই আরও বাড়িয়ে দিয়েছে।


বিজ্ঞাপন


মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভাকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করে কাদামাখা সড়ক পাড়ি দিয়ে তারা পৌঁছাচ্ছেন জনসভাস্থলে।

প্রশাসন, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবার এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারকে তৃতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা গেছে, শহরের প্রবেশমুখগুলো দিয়ে ভেজা কাপড়েই মিছিল নিয়ে ঢুকছেন মানুষ। অনেকের হাতে দলীয় পতাকা, কেউ আবার স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন।

রাজনগর থেকে আসা বিএনপি কর্মী নুরুজ্জামান বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবুও আসতে বাধা হয়নি। ভিজে গেলেও সমস্যা নেই, শুধু নেতার বক্তব্য শুনতে চাই।’

কর্মী রাশেদ মিয়া বলেন, ‘বৃষ্টির জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই আনন্দ হয়ে যাবে যখন তাকে সামনে থেকে দেখতে পারবো।’

নারী কর্মী সুহেলী বেগম বলেন, ‘আমরা নারীরাও পিছিয়ে নেই। বৃষ্টি হলেও আমরা এসেছি, এটাই আমাদের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন।’

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ বলেন, ‘এত মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণের সমর্থন আমাদের সঙ্গে আছে। এটি একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর