শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি। তবে তার মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন বিএনপির কিছু নেতাকর্মী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে একটি মামলায় গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সোমবার (১৫ জুন) গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল ও সরকার বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার আওতায় রয়েছেন। বিষয়টি তদন্তাধীন এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তখন তারা রাজনীতি করতে পারবে। অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন
তবে এ মিছিলকে বিএনপির আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে অস্বীকার করেছেন বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর। তিনি দাবি করেন, এটি ইউনিয়ন বিএনপির কোনো কর্মসূচি ছিল না। ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে এ মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ঘটনাটি ঘিরে শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে স্থানীয় রাজনীতির অস্বাভাবিক ও ব্যতিক্রমী চিত্র হিসেবে উল্লেখ করছেন।
প্রতিনিধি/টিবি




