নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি হেফজুল কোরআন মাদরাসার ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার মোহতামিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুটির মা কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলায় আসামি করা হয়েছে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর অবস্থিত আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদরাসার মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে (৩০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দুপুরে শিশুটি টয়লেট থেকে দেরি করে ফিরলে তার মা কারণ জানতে চান। এ সময় ভুক্তভোগী ছেলে শিশুটি জানায়, মাদরাসার মোহতামিম হেলাল উদ্দীন তাকে যৌন নির্যাতন করেছেন। পরে শিশুটির মা মাদরাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ছয়-সাত মাস ধরে শিক্ষক হেলাল উদ্দীন শিশুটির ওপর এ ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ভুক্তভোগী পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
বিজ্ঞাপন
কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস




