ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, আবেগ আর প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অকৃত্রিম ভালোবাসায় মুখর হয়ে উঠেছিল চুয়াডাঙ্গা শহর। দীর্ঘ চার বছর পর আবারও হাজারো সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও শোডাউন। ২ হাজার ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা, শত শত মোটরসাইকেল, ব্যান্ড পার্টি ও উৎসবমুখর পরিবেশে পুরো শহর যেন পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়।
বিকেল মঙ্গলবার (১৬ জুন) সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে র্যালিটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি। প্রিয় দলের পতাকা, ব্যানার ও নানা সাজসজ্জায় পুরো আয়োজন পায় ভিন্নমাত্রা।
বিজ্ঞাপন

আয়োজকরা জানান, শত শত মোটরসাইকেলের পাশাপাশি পায়ে হেঁটে সমর্থকরা বহন করেন ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। ব্যান্ড পার্টির তালে তালে নাচ-গান, উল্লাস আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলকে উদ্দেশ্য করেও নানা রসাত্মক স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের।
বিশাল এই পতাকা ও মোটরসাইকেল শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন। র্যালিটি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

বিজ্ঞাপন
সমর্থকরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ নয়, বরং ফুটবলকে ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া। তাদের বিশ্বাস, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ান আর্জেন্টিনা এবারও বড় আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

র্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, চুয়াডাঙ্গার মাটি, আর্জেন্টিনার ঘাঁটি। আমাদের প্রিয় দল আগের মতো এবারও দুর্দান্ত পারফরম্যান্স করবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকবে।

তারা আরও বলেন, গতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবারও ট্রফি তাদের হাতেই উঠবে বলে আমরা বিশ্বাস করি। চুয়াডাঙ্গার হাজারো সমর্থক প্রিয় দলের জন্য শুভকামনা জানাচ্ছে।
প্রতিনিধি/এসএস




