ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে হাসিবুল নামে এক বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে দিকে সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় রাস্তা সংলগ্ন একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুর থেকে যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে পাশের সড়কটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে ছিল, যা জনসাধারণের চলাচল ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি জানতে পেরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে বালু ব্যবসায়ী হাসিবুলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী নগদ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক। তিনি জানান, পরিবেশ ও জনস্বার্থবিরোধী যেকোনো অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




