যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রোববার রাতে ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক প্রবাসীর স্ত্রী বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানে একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়।
মামলার অপর দুই পলাতক আসামি হলেন ছোট বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) এবং একই গ্রামের ইমন (২৪)। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস




