বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩ দশমিক ৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে অর্থনৈতিক শুমারি ২০২৪ - ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১৫ জুন) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মেলনে এ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।

এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন, ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সবার জন্য সহজে বোধগম্য 'টার্ম' বা শব্দ ব্যবহার করা উচিত। শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই খাতের কারণে গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




