দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে পায়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে বোচাগঞ্জে এ ঘটনা ঘটে। পরে তাকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌরসভার বাসিন্দা। তিনি মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, মোস্তাফিজুর রহমানের সাবেক স্ত্রীর সঙ্গে তার বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণে তাকে কোতোয়ালি থানার মাধ্যমে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এআর




