পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে মালুমঘাট হাইওয়ে পুলিশ স্টেশনের কম্পাউন্ডে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্বোধন করা বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় তিনি মালুমঘাট হাইওয়ে থানা, চিরিংগা হাইওয়ে থানা ও দোহাজারী হাইওয়ে থানাসহ কুমিল্লা রিজিয়নের বিভিন্ন হাইওয়ে থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সব কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ কর্মস্থল ও আশপাশে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন।

এ সময় মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব রহমান, চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব রহমান জানান, সরকারের ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে কুমিল্লা রিজিয়নের আওতাধীন বিভিন্ন থানা ও স্থাপনায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিনিধি/এসএস




