চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের বার ও টুকরা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজ্ঞাপন
আটক সিকান্দার আলী গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মেদিনীপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আম বাগানের পাশের কাঁচা রাস্তায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় সিকান্দার আলীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের বিভিন্ন আকারের মোট ৮ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি সম্পূর্ণ স্বর্ণের বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।
বিজ্ঞাপন
এছাড়া জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




