ছাত্রশিবির নেতার দ্বারা গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল।
রোববার (১৪ জুন) দুপুরে ববির গ্রাউন্ডফ্লোরে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। এরপর সেখান থেকে একটি শিবির বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসসহ পার্শ্ববর্তী বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
এসময় বক্তারা ছাত্রশিবির দ্বারা অনলাইনে সংঘবন্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ছাত্রশিবির নানা ধরনের গুজব সাজিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুম এবং অপহরণের মতো এত সংবেদনশীল শব্দকে তারা প্রতারণার আশ্রয়ে নিয়ে গেছে। তারা নিজেরা অপরাধ করে নিজেদের ভিক্টম সাজিয়ে মূল ভিক্টিমকে অপরাধী বানাতে চায়। ১৯৭১ এবং ২০২৪ পরবর্তী বাংলাদেশে ধর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা ফের এ ধরণের প্রতারণার রাজনীতি করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এসময় ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিবির দ্বারা ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামায়াতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আর একবার প্রমাণ করল, তাদের নারীনীতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।
তিনি আরও বলেন, নিজেরা গোপনে এ ধরণের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য নাটক করে। তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। না হলে ছাত্রদল দেশের জনগণকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এএইচ




