রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে পাওনা টাকার জন্য ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে পাওনা টাকার জন্য ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যা
ঘটনাস্থলে নিহতের স্বজনদের আহাজারির ছবিটি রোববার দুপুরে তোলা এবং ইনসেটে নিহত আরিফ বেপারী

মুন্সিগঞ্জে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আরিফ বেপারী নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব শিলমন্দিরের জসিমনগর এলাকায় নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতের স্বজনরা জানান, স্থানীয় নুর মোহাম্মদ নামের এক কসাইয়ের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে মৃত আরিফের ছোট ভাই আকাশ বেপারীর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, গতকাল শনিবার সকালে মুন্সির-হাট বাজারে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও মারামারির ঘটনা ঘটে। সেই সূত্র ধরে, পরের দিন রোববার ভোরে আকাশকে বাড়িতে না পেয়ে প্রতিপক্ষের লোকজন তার বড় ভাই আরিফ বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এরপর, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নিহত ব্যক্তির। মৃত আরিফ বেপারী পূর্ব শিলমন্দির এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনিও পেশায় একজন কসাই ছিলেন। তার ছোট ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ’ গজ দূরে নিহতের বসতবাড়ি, যেখানে তিনি একাই বাস করতেন। এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর