চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার জয়নগর সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় ওই চেষ্টা ব্যর্থ হলে পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৪ জুন) ভোরে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন ৭৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে সীমান্তের ভারতীয় অংশে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর প্রস্তুতি চলছিল বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে অবস্থান নেন। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে শেষ পর্যন্ত পুশইনের পরিকল্পনা থেকে সরে আসে বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরবর্তীতে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিনিধি/টিবি




