ফরিদপুরের চরভদ্রাসনে ড্রাম ট্রাকের ধাক্কায় মিন্টু পাট্টাদার (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার প্রধান সড়কের গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মিন্টু পাট্টাদার উপজেলার গাজীরটেক ইউনিয়নের পাট্টাদার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি চরভদ্রাসন বাজারের একটি ডিমের দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিন্টু। পথে গাজীরটেক মোড় এলাকায় একটি বালুবাহী নম্বরবিহীন ড্রাম ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় ড্রাম ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।
নিহতের ভাই সেন্টু পাট্টাদার বলেন, আমার ভাই কাজ শেষে বাড়ি ফিরছিল। নম্বর ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ঘাতক চালকের বেপরোয়া গাড়ির চাপায় আমার ভাই মারা গেছে। আমার ভাইয়ের ছোট ছোট ছেলে-মেয়ে এতিম হয়ে গেল। আমরা এই অন্যায়ের কঠোর বিচার চাই।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নম্বরবিহীন একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় জড়িত ট্রাকচালক আবির আহমেদকে (২১) ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এজে




