চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
আটক জুলফিকার দর্শনা জয়নগর গ্রামের কালো মৌলভীর ছেলে। তিনি দর্শনা পৌর এলাকার রামনগর বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, শনিবার বিকেলের দিকে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও জুলফিকারকে বিএসএফ সদস্যরা মারধর করতে করতে ভারতীয় অংশে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জুলফিকার দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে থাকা নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাকে আটক করে এবং পরবর্তীতে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও জানান, বর্তমানে ভারতীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।




