শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও 
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মাটিবাহী একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় শিবা রাণী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের উমরাডাঙ্গী সড়কে জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।‌

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের একমাত্র মেয়ে এবং চাপোড়-পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।


বিজ্ঞাপন


স্থানীয়রা ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথে জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেন। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টর ও চালককে থানায় নিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর ও এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা‌ গ্রহণের প্রক্রিয়া চলছে। 

প্রতিনিধি/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর