কক্সবাজারের পেকুয়ায় জুলাই আন্দোলনের প্রথম দিকের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
পরে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিমের বাবা-মায়ের হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মেহেরনামা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শহীদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান ও সহমর্মিতাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তার পরিবারের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে ১৬ জুলাই (২০২৪) চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক চুতর্থ বর্ষের ছাত্র ওয়াসিম শহীদ হন। তিনি কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন।
প্রতিনিধি/জেবি




