শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

নড়াইলে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি নিয়ে দুই গ্রুপ মুখোমুখি

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

নড়াইলে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি নিয়ে দুই গ্রুপ মুখোমুখি

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন।

শনিবার (১৩ জুন) সকালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের নিচে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জহির দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে আলহাজ দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আলী হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি অনুমোদনের পর থেকেই পুরোনো ও নতুন কমিটির নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়।

এরই জেরে শনিবার সকালে সাবেক কমিটির পক্ষ থেকে খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তরের নেতৃত্বে একদল নেতাকর্মী এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসানের নেতৃত্বে আরেকটি দল সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, আপাতত জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর