শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

বরগুনায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

বরগুনায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তার স্বজনরা জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন। তবে পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

শনিবার (১৩ জুন) সকাল ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় তার বাড়ির সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।


বিজ্ঞাপন


নিহতের স্ত্রী পারভীন জানান, শুক্রবার রাত ১১টার দিকে তার স্বামী অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন। খাওয়া দাওয়া শেষে তিনি ঘরের সামনের কক্ষে ঘুমাতে যান। পারভীন দুই সন্তানকে নিয়ে অন্য কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে স্থানীয় লোকজন এসে তাকে স্বামীর মৃত্যুর খবর জানান।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে থানা ও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। অতীতে তার স্বামীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

নিহতের বড় ভাই মো. শাজাহান মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


বিজ্ঞাপন


পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর