ময়মনসিংহের মুক্তাগাছায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল আফফান নামে মাত্র ৫ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার মনিরামবাড়ি আল্লামা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আফফান জামালপুর জেলার শৈলাকান্দা এলাকার আকন্দ বাড়ির রোকোন উদ্দিন ও শেফালী আক্তার দম্পতির ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ইকুইপমেন্ট রিফাইনারি ইউনিটে কর্মরত। আফফান স্থানীয় টাঙ্গাইল কুরতুবী মাদরাসা শাখার প্রাক-প্রাথমিক (প্রি-শ্রেণি) শাখার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সমবয়সী আরেক শিশুর সঙ্গে খেলতে খেলতে রাস্তা পার হচ্ছিল আফফান। এ সময় মুক্তাগাছা শহর থেকে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। এই ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা সড়কে অবস্থান নেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
একমাত্র ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা রোকোন উদ্দিন। আর মা শেফালী আক্তার বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। স্বজনদের এমন আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। ফুটফুটে এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, দুটি শিশু খেলার ছলে রাস্তা পার হচ্ছিল। একজন নিরাপদে পার হতে পারলেও অপর শিশুটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




