শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:২১ এএম

শেয়ার করুন:

Salah Uddin Ahmed
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। ছবি: ঢাকা মেইল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে এসে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে কক্সবাজারবাসীর মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। নির্বাচনের আগে তিনি কক্সবাজারে আসতে পারেননি। ফলে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার এবং তার বক্তব্য শোনার সুযোগ পাবেন। এটিই আমাদের জন্য বড় প্রাপ্তি।’

সালাহউদ্দিন আহমদ জানান, কক্সবাজারবাসীর পক্ষ থেকে কোনো ব্যক্তিগত বা স্থানীয় দাবি উত্থাপন করা হবে না। তবে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতীয় গুরুত্বপূর্ণ এসব দাবি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

তিনি জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। পাশাপাশি সেখানে একটি থানা প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে।

এ ছাড়া ২০০২ সালে প্রতিষ্ঠিত পেকুয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি পৌরসভা প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন পেয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর সফরকালে মাতামুহুরী উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেখানে আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তাঁর কাছে তুলে ধরব। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনমানের আরও উন্নয়ন ঘটবে।’

পরিদর্শনকালে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর