মধুমাসের বৈচিত্র্যময় ফল এবং লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশ নেন শহরের নানা বয়সী মানুষ।
শুক্রবার (১২ জুন) বিকেলে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে এর আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’।
বিজ্ঞাপন
ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা ও জামরুলের পাশাপাশি স্থান পেয়েছে লটকন, কামরাঙা, আতা, শরিফা, ডেউয়া, করমচা, কদবেল, বেল, সফেদা, আমড়া, বাতাবি লেবু, গাব, তাল ও বেতফলের মতো বিভিন্ন প্রজাতির দেশীয় ফল মৃৎশিল্পের থালা, পাত্র ও বিভিন্ন সাজসজ্জার উপকরণ ব্যবহার করে নান্দনিকভাবে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে একুশে পরিষদের সদস্যরা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক, লোকজ ও আধুনিক সংগীত পরিবেশন করা হয়। নওগাঁর ঐতিহ্যবাহী গীত-মঞ্জরির পাশাপাশি ফল খাওয়ায় একসঙ্গে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
সংগঠনটির সভাপতি ডিএম আব্দুল বারী জানান, দেশীয় সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে একুশে পরিষদ সারাবছর বিভিন্ন কর্মসূচি পালন করেন। একসঙ্গে এত ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পুষ্টিগুণে সমৃদ্ধ এসব ফলের পরিচিত করে তোলাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিনিধি/এসএস




