শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের উন্মাদনায় সাভার, উড়ছে ৪৮ দেশের পতাকা

আহমাদ সোহান সিরাজী, সাভার (ঢাকা) 
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের উন্মাদনায় সাভার, উড়ছে ৪৮ দেশের পতাকা
বিভিন্ন ভবনের ছাদে বিভিন্ন দেশের পতাকা টাঙিয়েছে ভক্তরা। ছবি: প্রতিবেদক

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবল জ্বরে কাঁপছে পুরো শিল্পাঞ্চল সাভার। উপজেলার প্রবেশপথ আমিনবাজার এলাকায় মহাসড়কের পাশে উড়ানো হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। বহুতল ভবনের ছাদ থেকে অলিগলি পর্যন্ত বিভিন্ন দেশের পতাকা ও প্রিয় দলের জার্সিতে সেজে উঠেছেন ফুটবলপ্রেমীরা।

স্থানীয় তরুণদের উদ্যোগে আমিনবাজারে একসঙ্গে ৪৮ দেশের পতাকা উত্তোলন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আয়োজন। তাদের দাবি, দলভেদে সমর্থন থাকলেও সবার আগে রয়েছে বাংলাদেশের প্রতি ভালোবাসা।


বিজ্ঞাপন


ব্রাজিল সমর্থক উচ্ছাস আহমেদ বলেন, 'আমরা ৪৮টি দেশের পতাকা লাগালেও সবার আগে বাংলাদেশের পতাকা রেখেছি। আমি ব্রাজিল সমর্থন করি, এবার হেক্সা মিশন পূরণ হবে বলে আশা করছি।' 

1000381391

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক আবিদ হাসান বলেন, 'বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে, তাই আমরা সবাই মিলে ৪৮টি পতাকা উড়ানোর উদ্যোগ নিয়েছি। আমি আশা করি এবার আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতবে। একই সঙ্গে স্বপ্ন দেখি একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে।'

আমিনবাজারের বাসিন্দা সিয়াম আহমেদ নিজের বাড়ির ছাদে ৫৫ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন। তিনি বলেন, 'ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই সাভারের বিভিন্ন এলাকায় অসংখ্য পতাকা দেখা যায়। এবারও আর্জেন্টিনার শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।' 


বিজ্ঞাপন


1000381397

বিশ্বকাপ উপলক্ষে স্থানীয় বাজারগুলোতে বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি। অন্ধ মার্কেটে জার্সি কিনতে আসা আর্জেন্টিনা সমর্থক আরমান মাহমুদ বলেন, 'ছোটবেলা থেকেই ম্যারাডোনা ও মেসির কারণে আর্জেন্টিনার ভক্ত। এবারও দলের ওপর পূর্ণ আস্থা আছে।'

ব্রাজিল সমর্থক মোহাম্মদ মাহফুজ বলেন, 'কাপ জেতা-হারার চেয়েও ব্রাজিলের নান্দনিক ফুটবল আমাকে আকর্ষণ করে। আশা করছি এবার দল ভালো করবে।'

একই প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাজিল সমর্থক আশা আক্তারও। তিনি বলেন, 'বিশ্বকাপ এলেই আমি অনেক উচ্ছ্বসিত হয়ে পড়ি। এবার আরও বেশি দল অংশ নেওয়ায় আগ্রহ বেড়েছে। আশা করছি ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতবে।'

এছাড়া জার্সি বিক্রেতারা বলছেন বিশ্বকাপ উপলক্ষে তাদের বেঁচাবিক্রি বেড়েছে কয়েকগুন। সাভারের জাতীয় অন্ধসংস্থা শপিং কমপ্লেক্সের স্পোর্টস আইটেম ব্যবসায়ী মো. আশরাফ হোসেন বলেন, বিশ্বকাপ উপলক্ষে আমাদের দোকানে বেচাকেনার ধুম পড়েছে। খেলা শুরু হওয়ার প্রায় ১০/১৫দিন আগে থেকেই জার্সি, পতাকা ও ফুটবল কিনতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা বিশেষ এবার আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদাই সবচেয়ে বেশি এরপরেই রয়েছে ব্রাজিল এবং জার্মানির অবস্থান। 

1000381486

এদিকে ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নজরুল ইনস্টিটিউটের সদস্য কবি মুহম্মদ শামসুল হক বাবু। তিনি বলেন, 'খেলা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু তা যেন বিভেদে রূপ না নেয়। খেলাকে খেলা হিসেবেই উপভোগ করতে হবে এবং এই খেলাই পারে আমাদের তরুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে বিমুখ রাখতে।'

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে সাভারজুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। তবে এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।’

প্রতিনিধি/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর