নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ আদায় এবং রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
পরে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী শরীফ মিয়া গতকাল বৃহস্পতিবার রাতে পূর্বধলা থানায় ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ শুক্রবার (১২ জুন) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শরীফ মিয়া (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই গ্রামে। তিনি জানু মিয়ার ছেলে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় বেড়াতে গেলে শরীফ মিয়াকে দুই যুবক জোরপূর্বক স্থানীয় একটি ঈদগাহ মাঠে নিয়ে যায়। পরে সেখানে আরও একজন যোগ দেন। এ সময় তাকে মারধর করা হয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের আর্থিক অক্ষমতার কথা জানানো হলে দাবি করা অর্থের পরিমাণ কমানো হয় বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
পরিবারের দাবি, অভিযুক্তরা শরীফের কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা, বিকাশ অ্যাকাউন্ট থেকে ১১ হাজার ৫০০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে তাকে ছেড়ে দেয়।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, শরীফ হোসেনকে বস্ত্রহীন করে বলানো হচ্ছে, ‘আমি একজন জুলাই যোদ্ধা, আমি আর জুলাই করতাম না। জুলাই...। আমি আগে ভুল করছি ছাত্রদের পক্ষে থাইক্কা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এ সময় বস্ত্রহীন অবস্থায় শরীফকে কাঁদতে দেখা যায়।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, শরীফ বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার জানা মতে, সে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি নেত্রকোনার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি এবং শরীফের পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। তারা ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগী শরীফ মিয়া ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




