পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষধর গোখরা (জাতি) সাপের দংশনে (কামড়ে) আরিয়ন নামের মাত্র ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত আরিয়ন ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।
হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশু আরিয়ন ঘরের মেঝেতে বাবা-মায়ের পাশেই ঘুমিয়ে ছিল। রাত ৮টার দিকে হঠাৎ শিশুটি চিৎকার করে কেঁদে উঠলে ঘুম ভেঙে যায় বাবা-মায়ের। তারা দ্রুত আরিয়নকে কোলে তুলে নেন এবং ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান, একটি বিষধর জাতি সাপ ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে।
তাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। ততক্ষণে আরিয়ানের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান জানান, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানায়, তাকে সাপে কেটেছে। পরীক্ষা করে শিশুটির হাতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছিল।
প্রতিনিধি/এসএস




