শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।


বিজ্ঞাপন


আহতরা হলেন— কলমাকান্দা মধ্যবাজার এলাকার হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের অন্তর সাহা (২৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার রাজুর বাজার এলাকা থেকে শুক্রবার রাতে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কলমাকান্দা বাজারের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায় এবং এতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


স্থানীয়দের অভিযোগ, রাতে বেপরোয়া গতিতে চলাচলকারী ভারী যানবাহনের কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর