গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (সংশোধিত আইন, ২০২৫)-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে আগামী চার বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে তিনি স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছালে সেই সময় পর্যন্তই তিনি পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান তাঁর শিক্ষাজীবনে সমসাময়িক সময়ে দেশের সব কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম শ্রেণিতে প্রথম (ফার্স্ট ক্লাস ফার্স্ট) স্থান অধিকারসহ রেকর্ড নম্বর অর্জনের গৌরব অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের অন্যতম কৃষি শিক্ষাবিদ হিসেবে স্বীকৃতি পান এবং প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে তাঁকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ সর্বশেষ ২৪-এর জুলাই আন্দোলনেও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিজ্ঞাপন
বিইউ/এআর




