বিশ্বকাপ ফুটবলের উৎসব এখন পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধেছে। পতাকায় পতাকায় রঙিন হয়ে উঠেছে শহর, বন্দর আর গ্রামের অলিগলি। বিশ্বজুড়ে এখন শুধুই বিশ্বকাপের উন্মাদনা। টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও এবার সেই আনন্দের ছোঁয়া লেগেছে। কারাবন্দীদের বিশ্বকাপের আনন্দ উপভোগ করার সুযোগ দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।
জেলা কারাগার সূত্রে জানা যায়, নারী-পুরুষ মিলে এখানে প্রায় ১ হাজার ৩০০ জন হাজতি ও কয়েদি বন্দী রয়েছেন। বিশ্বকাপের এই উন্মাদনা থেকে যেন তারা বঞ্চিত না হন— সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। কারাগারের ১৮টি ওয়ার্ডেই বসানো হয়েছে টেলিভিশন, ফলে, লোহার শিকের ভেতর থেকেও বন্দীরা এখন সরাসরি উপভোগ করতে পারছেন উত্তর আমেরিকা মহাদেশে চলমান ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ।
বিজ্ঞাপন
এছাড়া জেলা কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাসছেন প্রশংসায়।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, জেলা প্রশাসকের মানবিক উদ্যোগের ফলে বন্দীরাও বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ পাচ্ছেন। এতে তাদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। তিনি এই উদ্যোগের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীরা তার কাছে বিশ্বকাপ ফুটবল দেখার আকুতি জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও খেলাধুলার আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। এই মানবিক তাড়না থেকেই তিনি দ্রুত কারাগারে টিভি স্থাপনের উদ্যোগ নেন।
প্রতিনিধি/ এজে




