ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে একজন নিহত হয়েছেন। এসময় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
বুধবার (১০ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নারীর নাম শামসুন্নাহার (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-রংপুর সড়কের দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দে সামনের চাকা ফেটে একটি সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান। এতে আহত হয়েছেন আরও ৩০ জন।
মিঠাপুকুর থানা পুলিশের ওসি এরশাদ আহমেদ জানান, যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কায় লাগায় ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জনের মতো। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি




