জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারে সদস্যরা আসার কথা জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকায় ২৪ ঘণ্টা থাকার পর তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে, কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর তাকে উদ্ধার করা হলো।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধকে থানায় আনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত বা বক্তব্য দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




