বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

রামুতে একদিনে ২ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

রামুতে একদিনে ২ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু ও ঈদগাঁও উপজেলায় পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) নিজ নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অহিদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকায় শাফিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ও হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল হকের স্ত্রী।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে শাফিয়া আক্তারের সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ চলছিল। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অপরদিকে, একই দিন দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকায় শাহেনা আক্তার নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রাজমিস্ত্রি মিজানুর রহমানের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি পেকুয়া উপজেলার মগনামা এলাকায়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরিবারের সদস্যরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাহেনা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকের আহমেদ জানান, শাহেনা আক্তার ও তার স্বামী সম্পর্কে খালাতো ভাই-বোন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পোকখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অহিদুর রহমান বলেন, দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর