নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে জনাব আলী ও নাতি আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৬ জুন নিহত মারিয়া বেগমের মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৯ জুন বিকেলে মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না পেয়ে পুলিশ নিহতের সেজো ছেলে জনাব আলীকে আটক করে থানায় আনে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনাব আলী তার মাকে হত্যার কথা স্বীকার করেন।
পুলিশ সুপার জানান, পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখেন। এরপর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ছেলে আলামিনের সহযোগিতায় গত ৪ জুন রাত ১২টার দিকে মরদেহ বস্তাবন্দি করে পাশের একটি ডোবায় ফেলে দেন তারা।
এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে জনাব আলী ও নাতি আলামিনকে গ্রেফতার করা হয়েছে। জনাব আলী পেশায় অটোভ্যান চালক ও আলামিন দিনমজুর। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম।
প্রতিনিধি/এসএস




