বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

কাটাবিল মাজার এলাকায় স্ট্রিট লাইট দিলেন কুসিক প্রশাসক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

কাটাবিল মাজার এলাকায় স্ট্রিট লাইট দিলেন কুসিক প্রশাসক

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল মুন্সিবাড়ী সংলগ্ন হজরত শাহ সুফি শায়খ মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী (রহ.) মাজারের সড়কে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে ছিলেন মাজারে আগত ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

জানা যায়, প্রায় এক মাস আগে মাজার আসা ভক্তরা ও স্থানীয়রা সড়কটির অন্ধকার দূর করতে তিনটি স্ট্রিট লাইট স্থাপনের দাবি জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে সে সময় বড় আকারের স্ট্রিট লাইট মজুদ না থাকায় কাজটি বাস্তবায়ন সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


সম্প্রতি নতুন স্ট্রিট লাইট সিটি করপোরেশনের স্টকে আসার পর প্রশাসকের নির্দেশনা অনুযায়ী দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়। কুসিকের প্রকৌশলী মো. মামুনের তত্ত্বাবধানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী মো. রুবেল, মো. মোশাররফ ও মঞ্জিল মিয়া মঙ্গলবার রাতে কাটাবিল মাজার সড়কে তিনটি স্ট্রিট লাইট স্থাপন করেন।

2e597cf9-9b76-4bee-96b9-05d95aad6412

স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। মাজারে আগত ভক্ত ও স্থানীয়দের চলাচল এখন অনেক নিরাপদ ও সহজ হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কাও কমবে বলে মনে করছেন এলাকাবাসী।

কাটাবিল মাজার এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা আলহাজ মো. হাবিব পেয়ারা বলেন, মাজার শরীফ এলাকায় তিনটি স্ট্রিট লাইট স্থাপন করায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য অনেক সুবিধা হয়েছে। আলোর কারণে এলাকার নিরাপত্তাও বৃদ্ধি পাবে। আমরা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রতি কৃতজ্ঞ এবং তার জন্য আন্তরিকভাবে দোয়া করি।


বিজ্ঞাপন


স্থানীয়দের মতে, জনগণের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আবারও প্রমাণ করেছেন যে নাগরিক সেবার ক্ষেত্রে তিনি আন্তরিক ও দায়িত্বশীল। তার এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও প্রশংসার সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর