বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

মেহেরপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে আলী হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার মটমুড়া গ্রামের দক্ষিণপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আলী হোসেন মটমুড়া দক্ষিণপাড়ার ইউনুস আলীর ছেলে এবং বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলাম জানান, বিকেলে আলী হোসেন তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং আকস্মিক বৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটলে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, বজ্রপাতের সময় আলীর সঙ্গে থাকা তার বন্ধু তামিম, আরাফাত ও বিজয় জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে কিছুক্ষণ পর তামিম, আরাফাত ও বিজয়ের জ্ঞান ফিরে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।


বিজ্ঞাপন


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, মটমুড়া গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে খোলা মাঠে অবস্থান এবং বৈরী আবহাওয়ার সময় বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর